প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি

অনলাইন ডেস্ক

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা ১০ জেলেকে অপর দুটি ট্রলারের জেলেরা উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে এসেছেন। তবে ডুবে যাওয়া ট্রলার ও এতে থাকা মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়নি।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে বঙ্গোপসাগরের হাইরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারের মালিক শামিম রেজা জানান, সোমবার ভোররাতে ধুলাসার ইউনিয়নের আশাখালী থেকে ১০ মাঝিমাল্লা নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে ট্রলারটি সমুদ্রে যাত্রা করে। পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীর সমুদ্রে হাইরের চর এলাকায় পৌঁছালে হঠাৎ ঝোড়ো বাতাস ও উত্তাল ঢেউয়ের তাণ্ডবে ট্রলারটি ডুবে যায়।

এ সময় পার্শ্ববর্তী একটি ট্রলারের জেলেরা সাতজনকে উদ্ধার করে নিয়ে আসেন। অপর তিন জেলে নিখোঁজ ছিলেন। পরে দুপুরের দিকে আরেকটি ট্রলার ওই তিন জেলেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া সব জেলেই সুস্থ আছেন বলে জানা গেছে।

শামিম রেজা আরও জানান, ট্রলারটি ডুবে যাওয়ায় তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সব জেলে নিরাপদে ফিরে আসতে পেরেছেন, এজন্য তিনি আল্লাহর কাছে শুকরিয়া জানান।

প্রিন্ট করুন