প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

দুমকিতে প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন দুমকি একাদশ

অনলাইন ডেস্ক

পটুয়াখালীর দুমকিতে আব্দুল হাই ফাউন্ডেশন আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে বাকেরগঞ্জ একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দুমকি একাদশ।

গতকাল বিকেলে সরকারি জনতা কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুমকি একাদশ। ধারাবাহিক আক্রমণ থেকে তারা তিনটি গোল আদায় করে নেয়। বিপরীতে একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেনি বাকেরগঞ্জ একাদশ।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম। খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন।

এ সময় পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, থানার ওসি মো. সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিলন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মাদকমুক্ত যুব সমাজ গড়তে যুবকদের ক্রীড়ামুখী করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন