পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ কয়েক গুণ বাড়লেও ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা মহাসড়কের বড় একটি অংশ এখনো সরু দুই লেনের। এর মধ্যে মহাসড়কের বিভিন্ন স্থানে থাকা বিপজ্জনক বাঁক, খানাখন্দ, অপরিকল্পিত বাজার ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয় পরিবহনসংশ্লিষ্টদের হিসাবে, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত প্রায় ১৬৬ কিলোমিটার মহাসড়কে রয়েছে প্রায় ৭০টি বিপজ্জনক বাঁক, যার অন্তত ৪০টি দুর্ঘটনাপ্রবণ।
এদিকে একটি হিসাবে দেখা গেছে, ২০২২ সালে পদ্মা সেতু চালুর পর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ভাঙ্গা–কুয়াকাটা সড়কে ১ হাজার ৯৮৩টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ হাজার ৩০০-এর বেশি মানুষ। একই সময়ে সড়কটিতে যানবাহনের চাপও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পদ্মা সেতু চালুর আগে দৈনিক ১৭ থেকে ১৯ হাজার যানবাহন চলাচল করলেও চলতি বছরের জুনে তা বেড়ে ৩৫ থেকে ৪০ হাজারে পৌঁছেছে।
মহাসড়কের বিভিন্ন অংশে একের পর এক তীক্ষ্ণ বাঁক থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন অনেক সময় আগে থেকে দেখা যায় না। বিশেষ করে দ্রুতগতির যানবাহন এসব বাঁকে প্রবেশের পর নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।
ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চালক ও পরিবহন মালিকেরা। তাঁদের তালিকায় রয়েছে গৌরনদীর ভূরঘাটা, টরকী, আশোকাঠী, মাহিলাড়া, বাটাজোড়, উজিরপুরের সানুহার, বামরাইল, জয়শ্রী, বাবুগঞ্জের নতুনহাট, রহমতপুর, বরিশালের গড়িয়ারপাড়, দপদপিয়া, নলছিটি, বাকেরগঞ্জের লক্ষ্মীপাশা, ভরপাশা, আমতলী ও কলাপাড়ার কয়েকটি এলাকা।
বরিশাল–কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর চৌরাস্তা থেকে আমতলীর বান্দ্রা পর্যন্ত মাত্র ৪৯ কিলোমিটার অংশেই ৪০টি ‘ভয়ংকর’ বাঁক রয়েছে। এসব বাঁকের কয়েকটিতে নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।
চলতি মাসেই পটুয়াখালীর বসাক বাজার এলাকায় একটি বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫ জন। এর কিছুদিন আগেও একই এলাকায় মোটরবাইক ও বাসের সংঘর্ষে এক বাইকচালক নিহত হন।
সংশ্লিষ্টদের মতে, পদ্মা সেতু চালুর পর এই মহাসড়কে যানবাহনের সংখ্যা ও গতি—দুটিই বেড়েছে। কিন্তু মহাসড়কের বড় অংশ এখনো ২৪ থেকে ৩০ ফুট প্রশস্ত দুই লেনের। ফলে দ্রুতগতির বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি ধীরগতির যানবাহন চলাচল করায় ঝুঁকি বাড়ছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে সড়কের ওপর হাটবাজার, অবৈধ পার্কিং, পথচারী পারাপার এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং। পরিবহনসংশ্লিষ্টদের অভিযোগ, অনেক চালক বাঁকের মুখেও দ্রুতগতিতে গাড়ি চালান এবং ওভারটেক করার চেষ্টা করেন।
ভুক্তভোগী দেলোয়ার হাওলাদার বলেন, “আমার ভাই সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেছে। চিকিৎসা আর ওষুধের খরচ চালাতে গিয়ে জমিজমা সব বিক্রি করে ফেলেছি। এখন পথে বসতে হয়েছে।”
বসাক বাজার এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, “প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অথচ সঠিক চিহ্ন, গতি নিয়ন্ত্রণ বা আলোর কোনো ব্যবস্থা নেই। বাঁকগুলো পুনর্গঠন করে প্রয়োজনীয় সংকেত স্থাপন করা জরুরি।”
সড়ক নিরাপত্তাসংশ্লিষ্টদের মতে, দুর্ঘটনা কমাতে শুধু চালকদের সচেতনতা নয়, মহাসড়কের অবকাঠামোগত নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। বিপজ্জনক বাঁকগুলোতে স্পষ্ট সড়ক নির্দেশক, প্রতিফলক, সতর্কতামূলক বাতি ও প্রয়োজনীয় সাইনবোর্ড স্থাপন, সড়কের পাশের অবৈধ স্থাপনা ও বাজার নিয়ন্ত্রণ এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
একই সঙ্গে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কের প্রয়োজনীয় অংশ দ্রুত প্রশস্ত ও আধুনিকায়ন করা না হলে বাড়তে থাকা যানবাহনের চাপের সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

অনলাইন ডেস্ক 