প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বাউফলে সড়কেই শেষ হলো আলম হাওলাদারের অন্তিম সময়

নিজস্ব প্রতিবেদক

বাউফলের প্রধান সড়কে দাঁড়িয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষায় ছিলেন আলম হাওলাদার (৬৫)। হঠাৎ মাথা ঘুরে পেছনের দিকে পড়ে গিয়ে যায় তিনি। মাথায় আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর বাউফল থানা সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলম হাওলাদার উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আবদুস সাত্তারের ছেলে। সংসারজীবনপ তাঁর এক মেয়ে মুক্তা এবং দুই ছেলে সোহাগ ও সোহেল রয়েছেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আলম হাওলাদার মেয়ের বাড়ি নাজিরপুর ইউনিয়নে যান। দুপুরের খাবার শেষে বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি কালাইয়ার উদ্দেশে রওনা হন তিনি। বাউফল থানা সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে অন্য একটি গাড়ির অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ দাঁড়ানো অবস্থায় পেছনের দিকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি।

ঘটনাস্থলে থাকা সিএনজিচালকেরা তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেদোয়ান আহমেদ রিফাত জানান, আলম হাওলাদারের মাথায় আঘাতের চিহ্ন ছিল। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।” পরে মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

প্রিন্ট করুন