কুয়াকাটা বিচ পর্যটন কার্ণিভাল কে ঘিরে কুয়াকাটায় পর্যটকের ঢল নেমেছে। দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত এখন পর্যটকে মুখরিত হয়ে আছে। এখানকার প্রায় ৩০০ হোটেল-মোটেল রিসোর্টের শতভাগ কক্ষ ২দিন আগেই ভাড়া হয়ে আছে। পাঁচদিনের টানা ছুটির পাশাপাশি কুয়াকাটা কার্ণিভালকে ঘিরে কুয়াকাটা এখন পর্যটকে টইটুম্বুর।
শুক্রবার বিকাল তিনটায় বিচ ফুটবলের ফাইনাল খেলার মধ্য দিয়ে কুয়াকাটা কার্ণিভাল-২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
এর আগে শুক্রবার বেলা ১১ টায় পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শামীমুজ্জামান এই সভায় সভাপতিত্ব অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, ‘ দেশের তথা কুয়াকাটার পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে এখানে আজ থেকে শুরু হবে দুই দিনের কুয়াকাটা কার্ণিভাল-২০২৬। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কুয়াকাটাকে দেশের ও বিদেশী পর্যটকের কাছে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। পর্যটন কর্পোরেশন এ উপলক্ষ্যে আজ শুক্রবার ও শনিবার বিভিন্ন ধরনের ইভেন্ট বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। যেখানে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানকার ঐতিহ্যবাহী রাখাইন সম্প্রদায়েরসহ দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে বীচ ম্যারাথন। রয়েছে ঘুড়ি উৎসব। মোট কথা কুয়াকাটার সৌন্দর্য ঐতিহ্য-ইতিহাস তুলে ধরে ব্যাপক অনুষ্ঠানমালা থাকছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশের পর্যটন শিল্পের উন্নয়নে এটি বিশেষ পরিকল্পনার একটি। তিনি ক্ষোভ তুলে বলেন, বিগত সরকার গেল নয় বছরে কুয়াকাটাতে তুলে ধরতে কোন ধরনের প্রচার-প্রচারণা কিংবা কার্ণিভাল করেনি। একবার করেছিল তা নিয়ে দুর্নীতির অন্তহীন অভিযোগ তখনকার সময়ে গণমাধ্যমে প্রচার হয়েছিল। তাই বর্তমান বিএনপি সরকার কুয়াকাটার টেকসই উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে।’ মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত কুয়াকাটার খান প্যালেস আবাসিক হোটেল কনফারেন্স কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব বলেন।
তিনি এসময় দেশের ইতিবাচক কর্মকান্ড তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী এমপি, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, পিরোজপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি। এ সময় পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফসহ বরিশাল ও পটুয়াখালী জেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 