রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা এই নিন্দা ও উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে এনসিপি জানায়, ‘গত ২৫ অক্টোবর রাতে সংঘটিত এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও স্থানীয় এক দোকানি রিনা খানম আহত হয়েছেন। তাদের দ্রুত সুস্থতা কামনা করছে এনসিপি। গণমাধ্যমের কার্যালয় ও ছাপাখানার মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের সহিংস ঘটনা শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিরাপত্তাহীনতাই তুলে ধরে না; দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্রও তুলে ধরে।
স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের পরিবেশের জন্য এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য শর্ত। কোনো ধরনের ভয়ভীতি, সহিংসতা কিংবা হামলার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীন কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না।
এনসিপি এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দৈনিক আমার দেশ-এর প্রেসসহ দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।’

নিজস্ব প্রতিবেদক 