প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

সাইফুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তের ঢাল দখল করে গড়ে উঠেছে শতাধিক দোকান ও বিভিন্ন স্থাপনা। সরকারি সম্পত্তি দখল করে রাতের আঁধারে এসব স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ব্যস্ততম মহাসড়কের গুরুত্বপূর্ণ এই সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা ও ফুডকোর্ট গড়ে ওঠায় বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। তবে এসব স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তের ঢাল দখল করে সারি সারি দোকান ও ফুডকোর্ট নির্মাণ করা হয়েছে। এসব দোকানে প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। খাবার খেতে আসা মানুষের সমাগমে সেতুর দুই প্রান্তে প্রায়ই জনসমাগম তৈরি হয়। এতে ব্যস্ত মহাসড়কে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

বিশেষ করে সেতুর মহিপুর প্রান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা। এ প্রান্তে রয়েছে মহিপুর থানা এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সঙ্গে সংযোগ সড়ক। এসব সড়ক দিয়ে প্রতিদিন শত শত মাছবাহী ট্রাক, পিকআপ, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। অন্যদিকে, সেতুর আলিপুর প্রান্তে রয়েছে আলিপুর বাজারের সঙ্গে সংযোগকারী পথ। এসব পথে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। ফলে সেতুর দুই প্রান্তে দোকান ও ফুডকোর্টকেন্দ্রিক মানুষের সমাগম সড়ক ব্যবহারকারীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে।

স্থানীয়দের আশঙ্কা, সেতুর ঢাল ও সংযোগ সড়কের পাশে এভাবে অবৈধ স্থাপনা গড়ে ওঠার ফলে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার পরিবহন, মাছবাহী যানবাহন ও স্থানীয় যানবাহনের চলাচলের সময় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

অভিযোগ রয়েছে, সরকারি সম্পত্তি দখল করে একের পর এক স্থাপনা নির্মাণ করা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে দখলদারদের তৎপরতা দিন দিন বাড়ছে। স্থানীয়দের প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক ও সেতুর দুই প্রান্তে প্রকাশ্যে এত স্থাপনা গড়ে উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায়?

স্থানীয় সচেতন মহলের দাবি, বড় ধরনের দুর্ঘটনা কিংবা প্রাণহানির ঘটনা ঘটার আগেই সেতুর দুই প্রান্তের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। পাশাপাশি সরকারি সম্পত্তি দখলের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সেতুর আশপাশে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, মহাসড়কে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

প্রিন্ট করুন