শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি পরিশোধের প্রক্রিয়া সহজ, দ্রুত ও আধুনিকায়নের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির সফটওয়্যারভিত্তিক ‘সোনালী সেবা গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে আব্দুল করিম মৃধা কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় কলেজে সোনালী ব্যাংক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তিতে কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস, পটুয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ খালেদুর রহমান।
এই সেবা চালুর ফলে শিক্ষার্থীরা সফটওয়্যার ভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে সহজেই কলেজের বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এতে ব্যাংকে সরাসরি গিয়ে টাকা জমা দেওয়ার ভোগান্তি ও সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কলেজের শিক্ষকরা।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পটুয়াখালী প্রিন্সিপাল অফিসের এ্যাসিসন্টাট জেনারেল ম্যানেজার মোঃ কাওছার মোল্লা, নিউটাউন শাখার শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ.বি.এম. আনোয়ারুল কবীর খান, আবদুল করিম মৃধা কলেজ শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক মো: গোলাম রহমান,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মসিউর রহমান, সহকারী অধ্যাপক মো: নাসির উদ্দিন সহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 