ছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক হলেন পটুয়াখালীর সন্তান মো. নাঈম বিশ্বাস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জুলাই যোদ্ধা ও পটুয়াখালীর সন্তান মো. নাঈম বিশ্বাস।

গত ২৭ জুলাই জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার স্বাক্ষরিত ৫২ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে মো. নাঈম বিশ্বাসকে দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাঈম বিশ্বাস অনুভূতি প্রকাশ করে বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেওয়া তরুণদের সমন্বয়ে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল। জাতীয় ছাত্রশক্তি সেই দলের ছাত্র সংগঠন। জুলাইয়ের চেতনায় বিশ্বাসী সর্বস্তরের মানুষের ভালোবাসা ও প্রত্যাশার সঙ্গে এ সংগঠনের নাম জড়িয়ে আছে। এমন একটি সংগঠনের সাংগঠনিক দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আজীবন কাজ করে যেতে চাই।”

কে এই নাঈম বিশ্বাস?

নাঈম বিশ্বাস পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা মো. আবদুল হক বিশ্বাস দুমকি সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক এবং মা মোসা. খাদিজা পারভীন একজন গৃহিণী।

তিনি পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা থেকে ২০২০ সালে দাখিল এবং ২০২২ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। বর্তমানে একই প্রতিষ্ঠানে ফাজিল তৃতীয় বর্ষে অধ্যয়নরত থাকার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়ন করছেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শুরু থেকেই তিনি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে আন্দোলন সমন্বয়ে ভূমিকা রাখেন। আন্দোলন চলাকালে একাধিকবার ছাত্রলীগের হামলার শিকার হন। পুলিশের ছোড়া রাবার বুলেট ও ছররার আঘাতে আহত হলেও আন্দোলনের মাঠ থেকে সরে দাঁড়াননি।

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে অনুষ্ঠিত প্রথম ছাত্র সংসদ নির্বাচন পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ (পাকসু)-এর সহসভাপতি (ভিপি) হিসেবে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন তিনি। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চকসু) নির্বাচনে সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজেও সক্রিয় মো. নাঈম বিশ্বাস। বর্তমানে তিনি সামাজিক সংগঠন পাংগাশিয়া একতা সংঘের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে পাংগাশিয়া ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা, মানবিক সহায়তা, যুব উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি।

বিশ্ববিদ্যালয় জীবনেও তিনি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রিন ক্যাম্পাস, উত্তরণ, বিনির্মাণ, এক টাকায় শিক্ষা, চিন্তাবৃত্তসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা সহায়তা, রক্তদান, মানবিক সেবা, সমাজ উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন।

ছাত্ররাজনীতি, সামাজিক নেতৃত্ব এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইতোমধ্যে তরুণ সমাজে একটি পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মো. নাঈম বিশ্বাস। জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক হিসেবে তাঁর এই দায়িত্বপ্রাপ্তি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}