পটুয়াখালীর দশমিনা উপজেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দশমিনা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় দশমিনা থানা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় কৃষ্ণচূড়া, রাধাচূড়া, মিয়াজাকি আম, থাই শরিফাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ, মনির হোসেন, শাহাবুদ্দীন ও জাহিদ। এছাড়া উপস্থিত ছিলেন দশমিনা প্রেসক্লাবের সভাপতি মো. বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শাহজাদা তোহামিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জায়েদ মোল্লা, দপ্তর সম্পাদক সোহাগ আহমেদ লিওনসহ প্রেসক্লাবের সদস্যরা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “দশমিনা প্রেসক্লাবের উদ্যোগে থানা চত্বরে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, মিয়াজাকি আম, থাই শরিফাসহ বিভিন্ন উন্নত জাতের গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই।”
দশমিনা প্রেসক্লাবের সভাপতি মো. বেল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাদা তোহামিন জানান, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দশমিনা থানা চত্বরে বিভিন্ন উন্নত জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বৃক্ষরোপণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে প্রেসক্লাবের এ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।