বাবার মৃত্যুর পর থেকেই যেন থমকে গিয়েছিল ছোট্ট কনিকার জীবন। মাথার ওপর নেই বাবার স্নেহের ছায়া, সংসারে নিত্যদিনের অভাব-অনটন, আর মায়ের চোখে ভবিষ্যতের অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। এমন বাস্তবতায় অনেক শিশুর মতো কনিকারও বই-খাতা ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হার মানেনি সে। শত দারিদ্র্য, চোখের জল আর সংগ্রামকে সঙ্গী করেই এসএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫৩ অর্জন করে নিজের মেধার স্বাক্ষর রেখেছে কনিকা আক্তার।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের মৃত আবুল বাসারের বড় মেয়ে কনিকা। তিনি রায়পাশা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেছেন।
জানা যায়, কনিকা অষ্টম শ্রেণিতে থাকতে তার বাবা মারা যান। এরপর তিন মেয়েকে নিয়ে শুরু হয় মা রত্না আক্তারের কঠিন জীবনসংগ্রাম। স্বামীর রেখে যাওয়া একটি ছোট টিনের ঘর ছাড়া তাদের আর কোনো সম্পদ নেই। হাঁস-মুরগি পালন, লাউ-কুমড়া বিক্রি এবং ছোটখাটো কাজ করে যে সামান্য আয় হয়, তা দিয়েই কোনোরকমে চার সদস্যের সংসার চলে।
অভাব এতটাই তীব্র ছিল যে অষ্টম শ্রেণিতে ভর্তি হওয়ার কিছুদিন পরই কনিকার পড়াশোনা বন্ধ হয়ে যায়। মেয়ের লেখাপড়া চালিয়ে নেওয়ার সামর্থ্য ছিল না মায়ের। ঠিক সেই সময় এগিয়ে আসেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুল ইসলাম মিলন ও অন্য শিক্ষকরা। তারা কনিকার বাড়িতে গিয়ে তার মাকে আশ্বস্ত করেন—পড়াশোনার সব খরচ শিক্ষকরা বহন করবেন। সেই আশ্বাসই বদলে দেয় কনিকার জীবন।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিয়মিত বিদ্যালয়ে যাওয়া, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং নিজের অক্লান্ত পরিশ্রমে কনিকা ধীরে ধীরে এগিয়ে যায় সাফল্যের পথে। বিদ্যালয়ে শতভাগ উপস্থিতির জন্য প্রতিবছরই সে পুরস্কৃত হয়েছে।
ফল প্রকাশের দিন কনিকার ঘরে ছিল আনন্দ আর অশ্রুর এক অন্যরকম মিলন। মেয়ের সাফল্যে আনন্দে ভেসেছেন মা রত্না আক্তার, কিন্তু সেই আনন্দের মাঝেও ভবিষ্যতের দুশ্চিন্তা যেন তাকে কুরে কুরে খাচ্ছে।
কাঁদতে কাঁদতে তিনি বলেন, “অনেক কষ্ট করে মেয়েদের মানুষ করছি। কনিকার স্বপ্ন সরকারি চাকরি করে আমাদের সব কষ্ট দূর করা। কিন্তু কলেজে ভর্তি আর পড়াশোনার খরচ কীভাবে চালাব, জানি না। আল্লাহ যেন মেয়ের স্বপ্ন পূরণ করেন।”
কনিকা আক্তার বলেন, “আমি নিয়মিত মূল বই পড়েছি এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলেছি। বাবা নেই, কিন্তু মায়ের কষ্ট আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। ভবিষ্যতে সরকারি চাকরি করে মায়ের মুখে হাসি ফোটাতে চাই।”
রায়পাশা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুল ইসলাম মিলন বলেন, “কনিকা অত্যন্ত মেধাবী ও সংগ্রামী শিক্ষার্থী। আর্থিক সংকটের কারণে যাতে তার পড়াশোনা বন্ধ না হয়, সেজন্য শিক্ষকরা নিজেদের উদ্যোগে পাশে দাঁড়িয়েছি। এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে মেয়েটি আরও অনেক দূর যেতে পারবে।”
বিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে কনিকার প্রচন্ড জ্বর হওয়াতে তার জিপিএ ৫ পাওয়া হয়নি। চলতি বছর রায়পাশা উচ্চ বিদ্যালয় থেকে ৫০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৭ জন উত্তীর্ণ হয়েছে। তবে এবার বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
একটি ভাঙা টিনের ঘর থেকে শুরু হওয়া কনিকার এই সংগ্রামের গল্প শুধু একটি ফলাফলের নয়; এটি অদম্য ইচ্ছাশক্তি, শিক্ষকদের মানবিকতা এবং একজন মায়ের সীমাহীন ত্যাগের গল্প। এখন তার স্বপ্নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চশিক্ষার ব্যয়। সমাজের সহৃদয় মানুষের সহযোগিতা পেলে হয়তো কনিকার স্বপ্ন একদিন বাস্তবতায় রূপ নেবে।