পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত হাজিরহাট এলাকা রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, দশমিনা উপজেলার একমাত্র বাণিজ্যিক কেন্দ্র হাজিরহাট। এ এলাকার পাশ দিয়ে ঢাকাগামী নৌযানসহ পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এলাকায় মালামাল পরিবহনের জাহাজ চলাচল করে। গত ১৫-২০ বছর ধরে তেঁতুলিয়া নদীর করাল গ্রাসে হাজিরহাটের বাণিজ্যিক এলাকা ভাঙনের কারণে ক্রমেই ছোট হয়ে আসছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে হাজার হাজার একর ফসলি কৃষিজমি, শতাধিক বাড়িঘর ও কবরস্থান।

হাজিরহাট এলাকা রক্ষার শেষ সম্বল বেড়িবাঁধটি আকস্মিকভাবে গত মঙ্গলবার গভীর রাতে তেঁতুলিয়া নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে এলাকার প্রায় ৫০টি ঘরবাড়ি, ১০০ একর ফসলি কৃষিজমি এবং একটি কবরস্থান পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ওই রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙনকবলিত ক্ষতিগ্রস্ত লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন।

এ ঘটনায় হাজিরহাট এলাকার সাধারণ জেলে, ক্ষতিগ্রস্ত পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ হাজিরহাট এলাকা ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হাজিরহাটের ভাঙন আজকের একদিনের বিষয় নয়, এটি বহু বছরের সমস্যা। বিগত সরকারের উদাসীনতা ও পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত কাজের বাস্তবায়নের কারণে আজ হাজিরহাট এলাকা তেঁতুলিয়া নদীর আগ্রাসনের শিকার। বিগত দিনগুলোতে হাজিরহাটের ভাঙন রোধের নামে পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দ লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, এই ভাঙন রোধ করতে না পারলে দশমিনা সদর ইউনিয়নও ভাঙনের কবলে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। মানববন্ধনের মাধ্যমে উপজেলা প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট সব পর্যায়ের নীতিনির্ধারকদের হাজিরহাটের ভাঙন রোধে টেকসই পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়।

এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী ভাঙনকবলিত হাজিরহাট এলাকা পরিদর্শন করেন। তিনি সরেজমিনে ঘুরে ভাঙনের বাস্তবচিত্র দেখেন এবং স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন না করা পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয় ও খাবারের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, ভাঙনকবলিত এলাকা শুধু বালুর বস্তা দিয়ে রক্ষা করা যায় না। এ জন্য সঠিক ও টেকসই পরিকল্পনা প্রয়োজন। সে লক্ষ্যে পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি চলমান রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী বলেন, বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করা যায় না। এ জন্য টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হয়। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বাস্তব চিত্র দেখে গেছেন এবং ভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}