পটুয়াখালীর বাউফলে ধানক্ষেতে ব্যবহৃত কীটনাশক সেবন করে জাকিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া ৭ নম্বর ওয়ার্ডের আকন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জাকিয়া বেগম ওই এলাকার আজম আকনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জাকিয়া বেগম কীটনাশক সেবন করে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাঁর স্বামীসহ স্বজনরা দ্রুত তাঁকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। কী কারণে তিনি কীটনাশক সেবন করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করার প্রক্রিয়া চলছে।’