দুমকিতে পায়রা নদীর ভয়াবহ ভাঙনে  নদীগর্ভে বিলীন হয়ে গেছে গোরস্থান, মসজদি, মন্দির, কৃষিজমি, শতাধিক বসতবাড়ি সহ আলগী গ্রাম ভাঙন অব্যাহত থাকায় নতুন করে বসতভিটা হারানোর শঙ্কায় গ্রামবাসী। ভাঙন রোধে কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে উপজেলার আলগী গ্রামের পায়রা তীরবর্তি বাসিন্দারা। মৃত্যুর পরে দাফনের যায়গাটুকু রক্ষার দাবী এলাকাবাসীর।

রবিবার(২০ সেপ্টেম্বর) সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, উপজেলা পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে দীর্ঘদিন ধরে পায়রা নদীর তীব্র ভাঙন ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় প্রতি বছরই নদীগর্ভে চলে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। ইতোমধ্যে অনেক পরিবার তাদের ঘরবাড়ি সরিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বর্তমানে নদীর স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় আলগী গ্রামের ওয়াপদা বেড়িবাঁধের আশেপাশের প্রায় শতাধিক বসতবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

আলগী গ্রামের পায়রা তীরবর্তী ভাঙনকবলিত এলাকার সবার চোখেমুখে শুধুই আতঙ্ক বিরাজ করছে।

 ভাঙনের মুখে নদী তীরে বসবাস করা পরিবার গুলো তাদের সম্বল বলতে বসতঘর ও মালামাল  রক্ষায় উদ্বিগ্ন হয়ে পড়েছে। বসতভিটা হারানো  পরিবারগুলোর বেশিরভাগই পাউবোর ওয়াপদা ভেরি  বাঁধের পাশের ঝুপড়ি তুলে মানবেতর

জীবনযাপন করছেন। কেউ কেউ আশ্রায়ন প্রকল্পে মাথাগোজতে পারলেও অনেকে পরিবারের  পরিজন নিয়ে  চলে গেছে অন্য কোন গ্রাম কিম্বা শহরে।

স্থানীয় বাসিন্দা জাকির বিশ্বাস জানান, বিগত ৫-৬ বছরে প্রায় দু’শতাধিক পরিবারের ভিটেমাটি,

ফসলি জমি,গাছপালা নদীতে বিলীন হয়ে গেছে। পায়রা নদীর ভাঙনে অন্তত শতাধিক পরিবারের ঘরবাড়ি, বাগান, করবস্থান, মসজিদ, মন্দির, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে গেলেও ক্ষতিগ্রস্তদের সহায়তায় কেউ এগিয়ে আসেনি।

মোঃ বশির উদ্দিন হাওলাদার বলেন আমার পুর্বপুরুষদের কবরগুলো আজ নদীর মাঝখানে এটাই প্রতিনিয়ত বড়ই কষ্ট দেয়।  আমাদের ঘরবাড়ি সহ প্রায় ২৬ একর জমি আজ নদী গর্ভে। তিনবার বসতঘর ভেঙে যাওয়ার পর এখন লেবুখালীতে গিয়ে বাড়ি করেছি।  আবেগঘন কন্ঠে বশির উদ্দিন বলেন শুধু আমার বাড়িই তো ভাঙে নাই পুরা আলগী গ্রামের তিনের দুই অংশই নদী গর্ভে। ৩৬০ঘর হিন্দু সম্প্রদায়ের বসবাস ছিলো এ গ্রামটিতে আজ ৫টি ঘরও খুঁজে পাওয়া যাবে না। শিকদার বাড়ি, মাতবার বাড়ি, বিশ্বাস বাড়ি আজ সবই নিশ্চিহ্নের ইতিহাস হয়ে আছে।

স্থানীয় বাসিন্দা মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সরকার আসে সরকার যায়  আর আলগী গ্রাম শুধু পায়রায় খায়, এ যেন দেখার কেউ নাই।  বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পায়রা সেতুর দক্ষিন পাড় দিয়ে পশ্চিম দিকে প্রায় তিন(৩) কিলোমিটার পাইলিং করা হলে লেবুখালী ও আলগী গ্রাম দুটি রক্ষা পাবে।

ভাঙনে তিনবার বসত ভিটে হারানো নগেন বৈদ্যের উত্তরসূরি  নিতাই বৈদ্য,সুবাস বৈদ্যের বসত ঘর নদী থেকে ৩০ফুট দুরে। কান্নাজড়িত কন্ঠে তারা বলেন রাতে এক ফোটাও ঘুমাতে পারি না কখন জানি নদীর গর্ভেই আমাদের সলিল সমাধি হয়।

বাড়িঘর কৃষিজমি সব সর্বনাশা পায়রা নদী নিয়া গেছে মোরা সরকারের কাছে এহোন মাথা গোজার ঠাই চাই।

পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম নদী ভাঙনের সত্যতা স্বীকার করে বলেন, পায়রা

নদীর ভাঙনে তার ইউনিয়নের আলগী গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে যেটুকু অবশিষ্ট ছিল তাও  ভাঙতে শুরু করেছে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  এমরান হোসেন  আমার দেশকে বলেন,   জরুরী পদক্ষেপের জন্য  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের  নিকট লিখিত ভাবে অবহিত করেছি। তাদের নির্দেশনা পেলে উক্ত অংশে আমরা জরুরী ভিত্তিতে কাজ বাস্তবায়ন করবো।  এছাড়াও পুরা পায়রা নদীর বেসিন কেন্দ্রিক আমাদের একটি ফিজিবিলিটি স্টাডি চলমান। ফিজিবিলিটি স্ট্যাডি পেলে আমরা উক্ত অংশ সহ পায়ারার পাড়ে ঝুঁকিপূর্ণ স্থান সমুহ স্থায়ী রক্ষার জন্য ডিপিপি প্রেরন করবো। অর্থ বরাদ্দ পেলে আমরা কাজ শুরু করতে পারবো। তাহলেই পায়রা নদীর পার ভাঙ্গা স্থায়ী সমাধান হবে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}