পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থী যুগলকে আটক করে মারধর, ছিনতাই ও এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে পবিপ্রবির শিক্ষার্থী সাদিয়া ইসলাম শিখা (২০) তার সহপাঠী মো. আব্দুল কাইয়ুম (২৩)-এর সঙ্গে শ্রীরামপুর ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির মাদ্রাসার পূর্ব পাশের পাকা সড়কে ঘুরতে যান। এ সময় রিফাত মৃধার নেতৃত্বে হাসান তালুকদার,মাহিন তালুকদার, জাহিদ হাওলাদার, রফিক তালুকদারসহ অজ্ঞাত আরও কয়েকজন তাদের পথ রোধ করে।
অভিযোগে বলা হয়, ‘অসামাজিক কর্মকাণ্ডের’ মিথ্যা অজুহাতে কাইয়ুমকে বেধড়ক মারধর করা হয় এবং তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। অপরদিকে সাদিয়া ইসলাম শিখাকে আলাদা স্থানে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া সহ বিভিন্নভাবে যৌন হয়রানি করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
ঘটনার পরদিন (২৩ সেপ্টেম্বর) সাদিয়া ইসলাম শিখা বাদী হয়ে দুমকি থানায় মামলা নং-২০ দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ধারা ১০/৩০ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৩৪১/৩২৩/৩৭৯/৫০৬-এ রুজু করা হয়েছে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন নিউজ পটুয়াখালী কে বলেন সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বাদীর মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।