‎গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগীর ঢালীর বাজার থেকে নুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তাটি বর্ষা মৌসুমের শুরু থেকে সারা বছরই বেহাল অবস্থায় পড়ে থাকে। মাটির এ রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই হাঁটুসমান কাদায় সম্পূর্ণভাবে হাঁটা-চলার অনুপযোগী হয়ে যায়। গ্রামের প্রধান এ রাস্তাটি প্রায় সারা বছরই চলাচলের অনুপযোগী থাকায় অসুস্থ রোগীদের নিতে হয় মরদেহ বহনের খাট। ফলে শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীসহ প্রায় ৫ হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

এলাকাবাসীর দাবী আমরা আর কোনো আশ্বাসের বাণী শুনতে চাই না, কার্যকর পদক্ষেপের বাস্তবায়ন চাই।

‎নলুয়াবাগী গ্রামের  যুবক রাব্বি বলেন, ‘প্রতিবছর বর্ষা মৌসুমে একই চিত্রের পুনরাবৃত্তি হলেও সড়কটি পাকাকরণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়ে এলেও এখনো মেলেনি স্থায়ী সমাধান।’
‎একই এলাকার আরেক যুবক আবু সাঈদ বলেন, ‘আমাদের দুর্ভোগের যেন শেষ নেই। বছরের পর বছর ধরে একই সমস্যার মধ্যে বসবাস করছি। বর্ষা এলেই এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অসুস্থ রোগী, স্কুলগামী শিশু থেকে কৃষকদেরও ভোগান্তি পোহাতে হয়। আমরা এখন রাস্তাটির কার্যকর ব্যবস্থা দেখতে চাই। আমরা আর কোনো আশ্বাসের বাণী শুনতে চাই না।’
‎পশ্চিম নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শর-ই জাহান রাজিবুল হক জানান, ‘এ রাস্তাটির অবস্থা এতটাই করুণ যে ভাষায় প্রকাশ করা কঠিন। এই একটি রাস্তা দিয়েই আমাদের স্কুলে যাতায়াত করতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী থাকায় এখানকার শিক্ষার্থীরা স্কুলবিমুখ হয়ে পড়ে।’
‎রাস্তাটি প্রসঙ্গে নুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান জানান, ‘বিদ্যালয়ে পৌঁছাতে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে হাঁটুসমান কাদা মাড়িয়ে আসতে হয়। অনেক সময় শিক্ষার্থীদের বই-খাতা, স্কুলব্যাগ ও পোশাক কাদায় নষ্ট হয়ে যায়। প্রতিদিন এভাবে বিদ্যালয়ে আসা তাদের জন্য খুবই কষ্টকর।’
তিনি আরও জানান, কয়েক দিন আগে মাহতাব ফরাজি নামের এক অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার সময় রাস্তাটিতে এত পরিমাণ কাদা ছিল যে, সে সময় চরম দুর্ভোগে পড়তে হয়। এ সময় তাকে মরদেহ বহনের খাটে করে হাসপাতালে চিকিৎসার জন্য নিতে হয়েছে।‎
‎

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}