কলাপাড়া উপজেলা বালিয়াতলি ও মিঠাগঞ্জ ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া হাড়িপাড়া থেকে বৌদ্ধপাড়া পর্যন্ত স্বনির্ভর খাল পুনঃখননের কাজ শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় কৃষকদের মাঝে। দীর্ঘ ৪৫ বছর পর মৃতপ্রায় খালটিতে আবারও পানির প্রবাহ শুরু হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন কৃষকরা।
স্থানীয়রা জানান, খালটি পুনঃখননের ফলে কৃষিকাজে সেচ সুবিধা বাড়ার পাশাপাশি বালিয়াতলী বাজারসহ আশপাশের বাণিজ্যিক কেন্দ্রগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
এদিকে খাল খননের পর দুই পাড়ে ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে। পাশাপাশি লাল-সবুজ রঙের প্লাস্টিকের বেড়া দিয়ে খালের দুই পাড়কে দৃষ্টিনন্দন করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পুনঃখনন করা খালের দৈর্ঘ্য ১ হাজার ৪৫০ মিটার। খালের উপরিভাগের প্রস্থ ২২ মিটার এবং নিচের অংশের প্রস্থ ১২ মিটার। খাল পুনঃখননে মোট ব্যয় হয়েছে ১ কোটি ১৪ লাখ ৫ হাজার ২৭৯ টাকা।
স্থানীয় জ্যেষ্ঠ বাসিন্দারা জানান, ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পটুয়াখালীর কলাপাড়া সফরে এসে এ স্বনির্ভর খালটি খনন করেছিলেন। দীর্ঘদিন দখল, দূষণ ও পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে মিঠাপানির অভাবে দুই ইউনিয়নের প্রায় ৫ হাজার একর জমি অনাবাদি পড়ে থাকত। লবণাক্ত পানিতে মারা যেত শত শত হাঁস-মুরগি ও গবাদিপশু। এতে কর্মহীন হয়ে পড়তেন কৃষকরা। এখন খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের ফলে কৃষকদের মুখে হাসি ফুটেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পটুয়াখালীর কলাপাড়া সফরে এসে এ স্বনির্ভর খালটি খনন করেছিলেন। আমরা খালের ১ হাজার ৪৫০ মিটার অংশ পুনঃখননের কাজ বাস্তবায়ন করেছি। বাকি অংশের খননকাজ করার জন্য এমপি মহোদয় ডিও লেটার দিয়েছেন। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।’
মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিবর রহমান খন্দকার বলেন, ‘দীর্ঘদিন ধরে এ খাল পুনঃখননের দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষ। কিন্তু বিগত ১৫ বছরে খাল খননের পরিবর্তে উল্টো দখল হয়েছে।’
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমান সরকার কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের জন্য তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলছে। আমার নির্বাচনী এলাকার কৃষি ব্যবস্থার উন্নয়নে আরও কিছু খাল পুনঃখননের প্রস্তাব দেওয়া হয়েছে।