পটুয়াখালীর দশমিনায় ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে মো. আনজুমান (১৩) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দশমিনা ইউনিয়নের সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ সড়কসংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আনজুমান দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের মো. আরিফুর রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আনজুমান আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল। সোমবার বিকেলে আবদুর রশিদ তালুকদার কলেজ সড়কসংলগ্ন মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যায়। পরে সহপাঠীরা তার মাকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে পানি খাওয়ান ও মাথায় পানি দেন। এরপর তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহপাঠী সাইদ বলেন, “আনজুমান ও আমি একই শ্রেণিতে পড়াশোনা করি। তার অ্যাজমার সমস্যা ছিল। আজ বিকেলে কলেজের পাশের মাঠে আমরা ফুটবল খেলছিলাম। হঠাৎ সে অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়ে। আমি তার মাকে ফোনে খবর দিলে তিনি এসে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।”
নিহতের বাবা মো. আরিফুর রহমান বলেন, “আমি দশমিনা ব্র্যাক অফিসে চাকরি করি। এ কারণে দশমিনা উপজেলার সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় থাকি। আমার ছেলে শারীরিকভাবে অসুস্থ ছিল। আজ বিকেলে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে দশমিনা হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক দেখে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
তিনি আরও জানান, মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।