পটুয়াখালীর দুমকিতে অবৈধ উপায়ে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি মাছ ধরার ট্রলার জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এসময় ৩ জেলেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বয়সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অন্য একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) পরিচালিত এ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন দুমকি উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলার নদীতে মৎস্য বিভাগ এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ ধরার ট্রলারসহ তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ ভরপাশা গ্রামের মৃত সোবাহান হাওলাদারের ছেলে মো. মজিবর হাওলাদার (৬২) এবং একই গ্রামের মো. মজিবর হাওলাদারের ছেলে মো. উজ্জ্বল হাওলাদার (২৬)।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। ভ্রাম্যমাণ আদালতের বিচারে আটক মজিবর হাওলাদার ও উজ্জ্বল হাওলাদারকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, আটককৃত তৃতীয় ব্যক্তি পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকার মো. আনোয়ারের ছেলে মো. সিয়াম (১৩) অপ্রাপ্তবয়স্ক হওয়ায়, ভবিষ্যতে আর কখনো এ ধরনের অবৈধ কাজের সাথে জড়িত হবে না মর্মে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জাটকা ও মা ইলিশ রক্ষায় এবং নদীপথে যেকোনো ধরনের অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}