বরগুনার আমতলীতে চাঁদাবাজি, মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে পুলিশ সুপারের কঠোর নির্দেশনার পর বিশেষ অভিযান শুরু করেছে আমতলী থানা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক। তাদের বয়স ১৮ বছরের নিচে। বাকি সাতজনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সন্দেহভাজন হিসেবে তাঁদের আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনি বরগুনা জেলার প্রতিটি উপজেলাকে চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে পুলিশ সুপারকে কঠোর নির্দেশনা দেন। ওই সভায় জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমতলী উপজেলাকে চাঁদাবাজ, মাদক কারবারি ও কিশোর গ্যাংমুক্ত করতে সাঁড়াশি অভিযান চলছে। আগামী দুই মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}