রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আমার দেশ-এর নিজস্ব প্রেসের সামনে বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

সোমবার দুপুরে তিনি তেজগাঁও শিল্পাঞ্চলে আমাদে দেশ এর প্রেস পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে মাহমুদুর রহমান বোমা হামলায় আহত নিরাপত্তাকর্মী আকতারের কাছ থেকে রোববার রাতের ঘটনা বিস্তারিত শোনেন এবং তাকে সান্ত্বনা দেন।

এ সময় ঘটনার পর পুলিশের নেওয়া পদক্ষেপ সম্পর্কে মাহমুদুর রহমানকে অবহিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।

ওসি জানান, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য বর্তমানে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে। তিনি আরো জানান, ঘটনার রাতে আমার দেশ-এর পক্ষ থেকে থানায় যে সাধারণ ডায়েরি করা হয়েছে, সেটিকে মামলায় রূপান্তর করা যাবে।

মাহমুদুর রহমানের প্রেস পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, সহযোগী সম্পাদক আলফাজ আনাম এবং প্রেসের ভারপ্রাপ্ত ম্যানেজার শহীদুর রহমান খান।

এর আগে রোববার রাত ১০টা ৪৬ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চলে আমার দেশ-এর নিজস্ব প্রেসের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে দুজন ব্যক্তি এসে প্রেসের সামনে ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

এতে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং আশপাশের লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। মানুষ ছোটাছুটি শুরু করে। পরে লাল টেপে মোড়ানো অপর একটি অবিস্ফোরিত ককটেল ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়।

ককটেল বিস্ফোরণে প্রেসের নিরাপত্তাকর্মী আকতার হোসেন ও সামনের পানের দোকানদার রিনা খানম আহত হন। পরে তারা দুজনই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

ঘটনার সংবাদ পেয়ে তেজগাঁও থানার পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থার সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান। পুলিশ দুর্বৃত্তদের ধরতে আশপাশের এলাকায় রেকি ও তল্লাশি চালালেও তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১০ সালেও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছিল এবং তেজগাঁও সাত রাস্তার মোড়ে হাতুড়ি দিয়ে তার গাড়িতে হামলা চালানো হয়েছিল।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}