পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে দুটি ডাবল ডেকার বাস চালু করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৬ অক্টোবর) এ উপলক্ষে বিআরটিসির সঙ্গে পবিপ্রবির একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এবং বিআরটিসির পক্ষে বরিশাল ডিপোর ম্যানেজার মো. জুলফিকার আলী।

চুক্তির শর্তানুযায়ী আগামী ১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় যুক্ত হচ্ছে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস। বাস দুটি নিয়মিত চলাচল শুরু করলে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, পরিবহন পরিচালক মো. আব্দুর রহিম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ, বিআরটিসির সহকারী পরিবহন কর্মকর্তা মো. মশিউর রহমান এবং হিসাব ইনচার্জ মো. ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।এর আগে গত ১৪ অক্টোবর বিআরটিসির বরিশাল ডিপো থেকে একটি ডাবল ডেকার বাস পরীক্ষামূলকভাবে পবিপ্রবিতে আনা হয়। বরিশাল-পবিপ্রবি রুটে বাস চলাচলের উপযোগিতা যাচাই করতেই এ পরীক্ষামূলক যাত্রার আয়োজন করা হয়েছিল। সে সময়ই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত চলাচলের জন্য বিআরটিসির দুটি বাস চালুর পরিকল্পনার কথা জানায়।

উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের নেতৃত্বে নেওয়া এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাঁদের প্রত্যাশা, দুটি ডাবল ডেকার বাস চালু হলে দীর্ঘদিনের পরিবহন সংকট অনেকাংশে কমবে এবং যাতায়াতে স্বস্তি ফিরবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের যাতায়াত সহজ করার পাশাপাশি একটি আধুনিক, উন্নত ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}