পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শিলা (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় স্বামী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা।
শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর বাজার এলাকায় নিজের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
তাদের দাবী শিলাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশের প্রাথমিক সুরতহালে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর আলামত পাওয়া গিয়াছে।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে শিলার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় দেড় বছর আগে রাসেল মাহমুদের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় শিলার। এরপর থেকেই তাঁদের সংসারে অশান্তি চলছিল। বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এমনকি একাধিকবার রাতে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও করেছেন স্বজনেরা।
তাঁদের অভিযোগ, শিলার পৈতৃক সম্পত্তি নিজের নিয়ন্ত্রনে নিতে চাইতেন রাসেল। জমি বিক্রির টাকাও স্বামীর হাতে তুলে দিতেন শিলা। সেই অর্থ দিয়ে রাসেল তাঁর প্রথম স্ত্রীর সংসার চালাতেন বলে দাবি পরিবারের এসব নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।নিহতের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে লাবিবা আক্তার জানায়, গত এক বছর ধরে মা-বাবা তাকে সঙ্গে নিয়ে ঘুমাতেন না। বাড়ির দ্বিতীয় তলায় ঘুমাত সে। রাতে মা-বাবার ঝগড়ার শব্দ শুনলেও ভয়ে নিচে নামত না।প্রায়ই তার মাকে রাতের বেলা বাড়ি থেকে বের করে দেওয়া হতো বলেও জানায় সে।
প্রতিবেশী কেয়া বেগম জানান, শুক্রবার সকালে শিলার স্বামী রাসেল তাঁকে ডেকে নেন।ঘরে গিয়ে শিলাকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে তিনি জানতে পারেন,আগের রাতে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমিয়েছিলেন।শিলার ছোট ভাই রাইসুল ইসলাম কমল বলেন, তাঁরবোনের মৃত্যু স্বাভাবিক নয়। রাসেল গলায় ফাঁস দিয়ে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছেন বলে তাঁদের ধারণা। বোনের সম্পত্তি দখল কিংবা জমি বিক্রির টাকা আত্মসাতের উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছেন তাঁরা।
এদিকে ঘটনার পর থেকে রাসেল মাহমুদকে এলাকায় পাওয়া যাচ্ছে না। অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এখন কিছু বলতে চান না জানিয়ে বলেন, জানাজার সময় বক্তব্য দেবেন।
রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ধারণা পাওয়ায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।