বরিশালের বাকেরগঞ্জে বিএনপির গণসমাবেশে তিন সহস্রাধিক নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে যোগ দিয়ে সাংগঠনিক শক্তির জানান দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আসন্ন কলসকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শওকত হোসেন হাওলাদার। তাঁর নেতৃত্বে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি গণসমাবেশে বাড়তি আলোচনার সৃষ্টি করে।

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় বাকেরগঞ্জ হেলিপ্যাড স্টেডিয়াম মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।

সমাবেশকে ঘিরে কলসকাঠী ইউনিয়ন থেকে শওকত হোসেন হাওলাদারের নেতৃত্বে তিন সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক বর্ণাঢ্য মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। মিছিলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এ সময় শওকত হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন, “আমি বিএনপির একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ কর্মী। দলের প্রতি অনুগত থেকে কলসকাঠী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণসমাবেশে অংশগ্রহণ করেছি। ভবিষ্যতেও বিএনপির প্রতিটি সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব।”

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, শওকত হোসেন হাওলাদারের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ তাঁর সাংগঠনিক তৎপরতা ও দলীয় কর্মসূচিতে সক্রিয়তার বহিঃপ্রকাশ। আসন্ন কলসকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই বিশাল মিছিল তাঁর চেয়ারম্যান পদে প্রার্থিতাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

গণসমাবেশে নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতিকে কেন্দ্র করে কলসকাঠী ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে শওকত হোসেন হাওলাদারের অবস্থান নিয়েও চলছে নানা আলোচনা।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}