পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার অভিযোগে প্রতিবাদ সভা, মানববন্ধন ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় দালাল বাড়ি মার্কেট এলাকায় ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে পৌর শহরের পাবলিক মাঠ থেকে কয়েকশ মোটরসাইকেল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় শোডাউন করেন।

কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতাল রোড অতিক্রম করার সময় দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব হোসেন মেম্বার ব্যানারের সামনে চলে আসেন। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ তাকে পেছনে যাওয়ার কথা বললে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে রাতের হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে আপেল মাহমুদ ফিরোজ বলেছেন, আলতাব হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে দল থেকে পদত্যাগ করেছেন। এমনকি তার পুত্রবধূকে ইউপি সদস্য নির্বাচনে দাঁড় করিয়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচিত করেছেন। বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে সাবেক এমপি, বিএনপি নেত্রী সালমা আলম ও কয়েকজন নারী নেত্রী ব্যানারের সামনে ছিলেন। এ সময় আলতাব হোসেন সামনে চলে এলে তাকে সরে যেতে বলি। এতে তিনি আমাকে গালিগালাজ ও হুমকি দেন।

তিনি আরও অভিযোগ করেছেন, আলতাব হোসেন বিপ্লব ও সংহতি দিবসে নাশকতার উদ্দেশ্যে এসেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তার পদত্যাগের প্রমাণ তাদের কাছে রয়েছে এবং বর্তমানে তার কোনো সাংগঠনিক পদ নেই। এ ছাড়া তার ছেলে সাদেক কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে বাজারে তার ওপর হামলা চালিয়ে চাল কেনার টাকাও ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন আপেল ফিরোজ।

বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ বলেছেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে তারা আন্দোলন-সংগ্রাম করেছেন। তার ওপর হামলার প্রতিবাদে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত উপজেলা ও পৌর বিএনপি ঐক্যবদ্ধভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। এসব হাইব্রিড নেতাকে যারা দলে সুযোগ দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}