বরিশালের বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুর ৮ দিন পেরিয়ে গেলেও এখনো মামলার কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪ টায় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত মোঃ আনোয়ার হাওলাদারের পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, তার স্বামীর হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আসামিরা গ্রেফতার না হওয়ায় পরিবারের অন্য সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে জহিরুল ইসলাম অভিযোগ করেন, আনোয়ার হাওলাদার হত্যার ঘটনায় চিহ্নিত অভিযুক্ত সমীর, নাসিম, সোহেল, নয়ন ও সাকিবসহ জড়িতদের এখনো গ্রেফতার করা হয়নি। দীর্ঘ সময় পার হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তািনি। একই সঙ্গে দ্রুত আসামিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো আসামি গ্রেফতার না হওয়ায় পাদ্রীশিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামসহ আশপাশের এলাকায় ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য দেন পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মৃধা, মোঃ জহিরুল ইসলাম, হারুন খান, আসিফ প্রমূখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর আহত আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেলে ৮ নভেম্বর তার নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। এ ঘটনায় ৮ নভেম্বর বাকেরগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নিহতের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}