পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের শ্রমিক থেকে ‘ফকির’ পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে মো. বায়েজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের সোনাপুরা গ্রামের বাসিন্দা বায়েজিদ বর্তমানে গাজীপুরা বাজারের একটি ফার্মেসিতে বসে বিভিন্ন রোগের চিকিৎসা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ধর্মীয় বিশ্বাস, ঝাড়ফুঁক ও অলৌকিক ক্ষমতার কথা বলে সাধারণ মানুষের আস্থা অর্জন করে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুরা গ্রামের শের আলী হাওলাদারের ছেলে মো. বায়েজিদ প্রায় সাত বছর আগেও বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে সময়ের ব্যবধানে তিনি নিজেকে ‘ফকির’ হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এরপর ঝাড়ফুঁক, তাবিজ-কবজ এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান দেওয়ার দাবি করে এলাকায় পরিচিতি পান।
বর্তমানে কাঁকড়াবুনিয়ার গাজীপুরা বাজারে নেছার ফার্মেসিতে বসে তিনি চিকিৎসাসেবা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, বিভিন্ন রোগ, পারিবারিক সমস্যা ও মানসিক দুশ্চিন্তা দূর করার আশ্বাস দিয়ে তাঁর কাছে আসা মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়। বিশেষ করে গ্রামের সহজ-সরল নারীদের একটি অংশ তাঁর কথায় বিশ্বাস করে সেখানে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্বীকৃত সনদ বা নিবন্ধন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের মতে, যথাযথ যোগ্যতা ও অনুমোদন ছাড়া কেউ চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তা বন্ধে প্রশাসনের নজরদারি জরুরি।
অভিযোগের বিষয়ে মো. বায়েজিদ বলেন, ‘আমি কোনো রোগী দেখি না। রোগী দেখেন ফিরোজ। আমি তাঁর সহকারী হিসেবে মাসিক বেতনে কাজ করছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘এ ধরনের চিকিৎসার নামে গ্রামের সহজ-সরল মানুষ বেশি প্রতারিত হন। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অতি শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ রাসেল জানান, খোঁজ নিয়ে দেখবো। আর এমনটি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিকিৎসার নামে কথিত ঝাড়ফুঁক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম বন্ধে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}