মফস্বল সাংবাদিকতা !

Oplus_131072
মফস্বল সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ করে পাঠিয়ে দেওয়ার নাম নয়। দিনের পর দিন, বছরের পর বছর নানা চাপের মধ্যেও কাজ করে যেতে হয়। নিজের এলাকার মানুষের সুখ-দুঃখ, অনিয়ম-দুর্নীতি, নদীভাঙন, হাসপাতালের সংকট কিংবা সাধারণ মানুষের অধিকার—সবকিছুর খবর তুলে ধরতে হয়। এর পাশাপাশি চলে অফিসের নানা ‘আদেশ’।
ঢাকা থেকে কোনো কর্মকর্তা বা বসের লোকজন এলাকায় এলে তাঁদের সময় দিতে হয়। বসের আত্মীয়স্বজন এলাকায় থাকলে তাঁদের জমিজমা কিংবা ব্যক্তিগত নানা কাজে সহযোগিতা করার নির্দেশ আসে। কখনো বসের পরিচিত কেউ এলাকায় বৈধ ব্যবসার আড়ালে অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেও সেই বিষয়ে ‘সহযোগিতা’ করার চাপ আসে।
আপনি যদি বলেন—অবৈধ কাজে আমি সহযোগিতা করতে পারব না, তখনই শুরু হয় আরেক ধরনের চাপ। চাকরি চলে যাওয়ার ভয়।
কখনো নানা অজুহাতে সরিয়ে দেওয়া। কখনো বলা হয়, ‘আপনার বয়স হয়ে গেছে।’ কখনো নতুন কাউকে আনার কথা বলে বছরের পর বছর কাজ করে যাওয়া একজন সাংবাদিককে একপাশে সরিয়ে দেওয়া হয়। অথচ সেই সাংবাদিকই তো তাঁর জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা দিয়েছেন সেই গণমাধ্যমকে।
যৌবনের কত সকাল, কত রাত, কত ঈদ-পূজা-পারিবারিক অনুষ্ঠান বাদ গেছে খবরের পেছনে ছুটতে গিয়ে। কত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটেছেন ঘটনাস্থলে। কত মানুষের কান্না, কত অন্যায়, কত দুর্নীতি নিজের চোখে দেখে সংবাদ করেছেন। কিন্তু বয়স বাড়লে? হঠাৎ তিনি হয়ে যান ‘পুরোনো’। তখন প্রয়োজন হয় তরুণ মুখের।
এই দেশের প্রায় সব গণমাধ্যমই যেন একই ধারায় চলছে। সম্পাদক বয়স্ক হলে সমস্যা নেই, কিন্তু একজন সাংবাদিক বয়োবৃদ্ধ হলেই তাঁকে নিয়ে প্রশ্ন ওঠে। তখন তরুণ সাংবাদিক খোঁজা হয়।
কিন্তু একবারও কি ভাবা হয়—এই মানুষটির যৌবনের সবচেয়ে সুন্দর সময়টা তো তিনি এই গণমাধ্যমের জন্যই দিয়ে দিয়েছেন! একজন সাংবাদিক শুধু তাঁর বয়স দিয়ে বিচারযোগ্য নন।
তাঁর অভিজ্ঞতা, সততা, মানুষের সঙ্গে সম্পর্ক, এলাকার ইতিহাস জানা, সংকট বোঝার ক্ষমতা—এসবও তাঁর সম্পদ।
একজন সাংবাদিকের বয়স বাড়া তাঁর অপরাধ নয়। বরং তাঁর দীর্ঘ সাংবাদিকতা আপনার প্রতিষ্ঠানেরই অর্জন।
লেখক
মোঃ সোহরাব হোসেন, ডেইলি স্টার, পটুয়াখালী জেলা প্রতিনিধি







