মিথ্যা ও মানহানিকর সংবাদে মূলধারার সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে – নুরুল হক নুর
মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশনের মাধ্যমে কিছু ‘পেইজার’ মূলধারার সাংবাদিকদের কাজের আগ্রহকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন দশমিনা-গলাচিপা আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর।
শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, ফ্যান ও পানির ফিল্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমার সঙ্গে ছবি তুলেছেন, আমার নির্বাচনে সর্বোচ্চ শ্রম দিয়েছেন, এমন কেউ যদি মনে করেন, মারপিট, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা, লুটপাট কিংবা জমি দখলের মতো অপরাধ করে পার পেয়ে যাবেন, তা হবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি বলেন, “বিএনপি আমাকে দশমিনা-গলাচিপা আসনে মনোনয়ন দিয়েছে, আমি এমপি হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছেন। কিন্তু আমি কোনো অন্যায় মেনে নেব না, সে বিএনপি কিংবা গণঅধিকার পরিষদের নেতাকর্মীই হোক।”
তিনি আরও বলেন, “কাউকে অপমান-অপদস্ত করা যাবে না। দেশে আইনের শাসন আছে, আইনের প্রয়োগও আছে।”
সাংবাদিকতার প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, “কিছু মোবাইল সাংবাদিক ও পেইজার সাংবাদিকতার নামে মানুষের মান-সম্মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করে থাকেন। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মূলধারার সাংবাদিকরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য ও ভিডিও দিয়ে আমাকে সহযোগিতা করেন। আমি তাদের সম্মান জানাই।”
তিনি বলেন, অপসাংবাদিকতার কারণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে। তাই মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনকারীদের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এর আগে সরকারি সফরে দশমিনায় আসেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। সফরকালে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করে উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে দুস্থ ও অসহায় পরিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া সংগঠন এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন।
আলোচনা সভা শেষে ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী এবং বিশুদ্ধ পানি পানের জন্য পানির ফিল্টার ও ফ্যান বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন, ঢাকা দক্ষিণ মহানগর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজানুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম পঞ্চায়েত, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন হাওলাদার ও যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিন।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী অসহায় ও দুস্থ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





