কুয়াকাটা প্রেসক্লাব মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত
পটুয়াখালীর কুয়াকাটায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুয়াকাটা প্রেসক্লাব মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কুয়াকাটা প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের পাশাপাশি টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা ও বিনিয়োগের মাধ্যমে ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বিজয়ী খেলোয়াড় ও সহযোগীদের হাতে এসব সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ডিএম এমদাদুল হক, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. আজিজ হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও এমপির একান্ত সচিব আমিনুল ইসলাম মহসিন, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার, কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন সুলতান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জসিমউদ্দীন বাবুল, হোটেল খান প্যালেসের চেয়ারম্যান আ. রহিম খান, হোটেল প্রেসিডেন্ট পার্কের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুক এবং শিকদার রিসোর্টের এজিএম আল আমিন খান উজ্জ্বলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, খেলাধুলা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম মাধ্যম। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। কুয়াকাটা প্রেসক্লাব যুবসমাজকে ক্রীড়ামুখী করতে যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও কুয়াকাটা প্রেসক্লাবের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মেগা ফাইনালকে ঘিরে কুয়াকাটা প্রেসক্লাব মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। স্থানীয় ক্রীড়াপ্রেমী, সাংবাদিক, পর্যটকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফাইনাল ম্যাচ উপভোগ করেন।





