মির্জাগঞ্জে নিষিদ্ধ যুবলীগ ও শ্রমিকলীগের দুজন গ্রেফতার
Oplus_131072
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রত্যাশী এবং অপরজন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি।
সোমবার (০২ নভেম্বর) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন—মো. নাসির উদ্দিন (৪২) ও মোঃ হান্নান সরদার (৪২)। এরমধ্যে মোঃ নাসির উদ্দিন উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী এলাকার বাসিন্দা ও মৃত ইউনুস আলী সিকদারের ছেলে। তাঁর পৈতৃক নিবাস মেন্দিয়াবাদ এলাকার ৯ নম্বর ওয়ার্ডে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মির্জাগঞ্জ থানায় রাজনৈতিক মামলা রয়েছে।
অন্যদিকে মো. হান্নান সরদার (৪২) তিনি মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেউলী গ্রামের হানিফ সরদারের ছেলে। তিনি ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়ন নিষিদ্ধ শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় রাজনৈতিক মামলা রয়েছে।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




