মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উজিরপুরে বাঁশের সাঁকো উদ্বোধন, বিএনপি নেতাকে নিয়ে ফেসবুকে সমালোচনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
উজিরপুরে বাঁশের সাঁকো উদ্বোধন, বিএনপি নেতাকে নিয়ে ফেসবুকে সমালোচনা
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বরিশালের উজিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে নির্মিত একটি বাঁশ ও সুপারি গাছের সাঁকো উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ফিতা কেটে সাঁকোটির উদ্বোধন করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিএনপির ওই নেতাকে নিয়ে নানা ধরনের মন্তব্য ও সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে তাঁদের নিজস্ব অর্থায়নে বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকোটি তৈরি করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নারী-পুরুষ, বিএনপির কয়েকজন সমর্থক ও নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় এক বাউলশিল্পী সাঁকোর ওপর দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে স্বরচিত গান পরিবেশন করেন।

সাঁকো উদ্বোধনের সময় মো. শহিদুল ইসলাম খানকে কাপড় কাটার কাঁচি দিয়ে লাল ফিতা কাটতে দেখা যায়। পরে অনুষ্ঠানের ভিডিওটি তাঁর এক সমর্থকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

ভিডিওটির নিচে কয়েকজন ফেসবুক ব্যবহারকারী ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। একজন লিখেছেন, “এই উদ্বোধন শেখ হাসিনার পদ্মা সেতুর উদ্বোধনকেও হার মানিয়েছে।” আরেকজন মন্তব্য করেন, “পাকা রাস্তার ওপর বাঁশের সেতু দিয়ে ফ্লাইওভার তৈরি করেছেন।” অন্য একজন লিখেছেন, “অনেক দিন পর একটি বিনোদনের ব্যবস্থা হলো।” এ ছাড়া সাঁকো উদ্বোধনে কাপড় কাটার কাঁচি ব্যবহারের বিষয়টি নিয়েও কেউ কেউ ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব মন্তব্য ব্যক্তিগত মতামত। এর কোনোটিই সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য নয়।

এ বিষয়ে মো. শহিদুল ইসলাম খান বলেন, “স্থানীয়দের অর্থায়নে নির্মিত সাঁকোটি উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। স্থানীয় মানুষের চলাচলের সুবিধার জন্যই এটি করা হয়েছে।”

বিষয়টি নিয়ে পৌর বিএনপির অন্য কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা বলেন, বিষয়টিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিনোদনের’ ঘটনায় পরিণত করার আগে একজন গুরুত্বপূর্ণ দলীয় নেতার আরও সতর্ক হওয়া উচিত ছিল।

স্থানীয় এক বাউলশিল্পীর সাঁকোর ওপর দাঁড়িয়ে তাৎক্ষণিক সংগীত পরিবেশনের বিষয়টিও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে। এতে উপস্থিত কয়েকজন নারী-পুরুষ সমর্থককে আনন্দ করতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সাঁকোটি নির্মাণের মূল উদ্দেশ্য যদি মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা হয়, তাহলে সেটি ইতিবাচক উদ্যোগ। তবে এর উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে, সেটিই এখন স্থানীয়ভাবে বেশি আলোচিত হচ্ছে।

রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Oplus_131072

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আবু তাহেরকে মারধর করেন আমিনুর রহমান বিল্লাহ। একপর্যায়ে ওই সাংবাদিকের পরনের জামা ছিঁড়ে ফেলেন এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন । এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ্। স্পিডবোটে থাকা অন্যদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’

অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বর্তমান ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।

উল্লেখ্য, ঘটনার দিন যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় তাকে ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে তাকে জখম করে এবং চলন্ত স্পিডবোট থেকে ফেলে প্রাণনাশের চেষ্টা করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেন হামলার শিকার হওয়া সাংবাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় রাঙ্গাবালী প্রেস ক্লাব।