কুয়াকাটা প্রেসক্লাবে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
জমকালো আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুরু হচ্ছে ‘কুয়াকাটা প্রেসক্লাব মিনি (নাইট) ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ৪৩টি দল অংশগ্রহণ করছে। প্রতি দলে সাতজন করে মোট ৩০১ জন খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নেবেন।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে কুয়াকাটা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মাসুদ পারভেজ সাগরকে আহ্বায়ক এবং এসএম আলমাসকে সদস্যসচিব করে ছয় সদস্যের টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মাসুদ পারভেজ সাগর বলেন, “কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে এবারই প্রথম মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে ৪৩টি দলের ৩০১ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। আমরা চাই, খেলাধুলার মাধ্যমে তরুণদের আরও বেশি উৎসাহিত করতে এবং তাদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে। টুর্নামেন্টটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।”
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, “সাংবাদিকতার পাশাপাশি কুয়াকাটা প্রেসক্লাব সবসময় সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। এতগুলো দলের অংশগ্রহণে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করছি, খেলোয়াড়দের পাশাপাশি দর্শকরাও টুর্নামেন্টটি উপভোগ করবেন এবং এর মাধ্যমে কুয়াকাটায় একটি সুন্দর ক্রীড়া পরিবেশ তৈরি হবে।”
ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, “কুয়াকাটায় এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। কুয়াকাটা প্রেসক্লাবের এমন ব্যতিক্রমী আয়োজনকে আমরা স্বাগত জানাই। পর্যটননগরী কুয়াকাটায় খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে টোয়াকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আশা করি, খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পর্যটকরাও এই টুর্নামেন্ট উপভোগ করবেন।”
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।





