পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি ক্যাম্পাসে চরম উত্তেজনা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) হলের সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের দ্বন্দ্বের জেরে রুম ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩-৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৭ অক্টোবর) ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত ক্যাম্পাসের প্যারিস রোডে দুই পক্ষের হাতাহাতিতে রূপ নেয়।
পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বিল আহমেদ ফেসবুকে ‘সিনিয়র না হলে মারতাম’ এমন একটি পোস্ট দেন। পোস্টটি তাঁর সিনিয়র সিয়াম আহমেদের নজরে এলে তিনি এটিকে ব্যক্তিগত হুমকি হিসেবে নেন বলে জানা গেছে। এর জেরে মঙ্গলবার দিবাগত রাতে শিব্বিলকে ডেকে নিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয় বলে অভিযোগ রয়েছে।
রাতভর বিষয়টির মীমাংসা না হওয়ায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিয়াম আহমেদ শিব্বিলের কক্ষের দিকে গিয়ে জানালার কাচ ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে। এতে কক্ষে থাকা এক শিক্ষার্থী আহত হন এবং একটি ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয়।
ভোরের ঘটনার জের ধরে দুপুর ২টার দিকে পবিপ্রবির প্যারিস রোডে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সিয়ামের বন্ধু ইফতিকে আটকে রেখে শহীদ জিয়াউর রহমান হলের কয়েকজন শিক্ষার্থী সিয়াম ও পলক আহমেদকে সেখানে উপস্থিত হতে বাধ্য করেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি কেন্দ্র করে পরবর্তীতে আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বিল আহমেদ বলেন, ‘রাতে হলের একটি রুমে একজন সিনিয়র শিক্ষার্থী হামলা চালান। দরজা ও জানালা ভাঙচুর করলে জানালার কাচ ছিটকে এসে আমাদের ব্যাচমেটের মাথায় আঘাত লাগে এবং টেবিলের ওপর থাকা ল্যাপটপ ভেঙে গেছে। আমাদের জানমালের নিরাপত্তা কোথায়? এই সিয়াম ভাই র্যাগিংয়ের ঘটনায় বহিষ্কৃত হয়েছিলেন। আবারও কি সেই পুরোনো রেশ ধরে এই হামলা?’
অন্যদিকে, ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন, ‘আমার বন্ধু ইফতিকে আটকে রেখে আমাকে ও পলককে প্যারিস রোডে যেতে বাধ্য করে। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে শহীদ জিয়াউর রহমান হলের কিছু শিক্ষার্থী আমাদের ওপর অতর্কিত হামলা করে।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, ‘আমরা বিষয়টি অবগত আছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসে এ ধরনের ঘটনা কখনোই কাম্য নয়।




