পটুয়াখালীর কুয়াকাটায় ফুটবলের উন্মাদনায় হাজারো দর্শকের মিলনমেলা
পটুয়াখালীর কুয়াকাটায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ আব্দুল করিম মুসল্লী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সৃজন-২’-এর জমজমাট ফাইনাল। গ্রামাঞ্চলে বড় পরিসরে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে নয়াপাড়া বালুর মাঠে জড়ো হন হাজারো দর্শক। পুরো এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ।
শনিবার (৮ আগস্ট) কুয়াকাটার নয়াপাড়া বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ফাইনালে “কুয়াকাটা ফ্রেন্ডস সংঘ ক্লাব” এর মুখোমুখি হয় ” ইউনিক ফোন বিডি আলীপুর”। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারে। টানটান উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে ৬-৭ গোলের ব্যবধানে কুয়াকাটা ফ্রেন্ডস সংঘ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইউনিক ফোন বিডি আলীপুর।
ফাইনাল ম্যাচকে ঘিরে সকাল থেকেই মাঠের আশপাশে ছিল উৎসবের আমেজ। খেলা শুরুর আগেই বিভিন্ন এলাকা থেকে দর্শকরা মাঠে আসতে শুরু করেন। পুরুষ, শিশু, তরুণসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠের চারপাশ। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়ন দল ইউনিক ফোন বিডি আলীপুরের হাতে তুলে দেওয়া হয় একটি মোটরসাইকেল এবং রানার্সআপ কুয়াকাটা ফ্রেন্ডস সংঘ ক্লাব পায় একটি স্কুটি। ব্যতিক্রমী এই পুরস্কারও টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।
খেলা দেখতে আসা দর্শক তৌফিকুল ইসলাম রনি বলেন, ‘এত সুন্দর আয়োজন দেখে আমরা সত্যিই আনন্দিত। গ্রামাঞ্চলে এমন বড় ফুটবল টুর্নামেন্ট হলে মানুষ উৎসাহ নিয়ে খেলা দেখতে আসে। আজ মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিই প্রমাণ করে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা কতটা বেশি। আমরা চাই, প্রতিবছর এ ধরনের আয়োজন করা হোক।
আয়োজক কমিটির সদস্য জুয়েল মুসল্লী বলেন, ‘গত বছর আমরা এই আয়োজন শুরু করেছিলাম। মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। তাই প্রতিবছরই এই টুর্নামেন্টের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। মূলত মানুষকে আনন্দ দেওয়া এবং এলাকার তরুণদের খেলাধুলার সুযোগ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য। তরুণরা মাঠে থাকলে তারা মাদকসহ নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।’
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘ফুটবল আমাদের গ্রামবাংলার মানুষের প্রাণের খেলা। আজকের মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিই প্রমাণ করে মানুষের মধ্যে খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো কতটা গভীর। একটি সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। খেলাধুলার উন্নয়নে সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের জন্যও খেলার সুযোগ তৈরি করা হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কলাপাড়া উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এসব অবকাঠামো তৈরি হলে আমাদের তরুণরা আরও বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। এখান থেকেই জাতীয় পর্যায়ের ভালো খেলোয়াড় তৈরি হবে বলে আমরা আশা করি।
এ সময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি বাবু খানসহ কলাপাড়া উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকদের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ফুটবলকে ঘিরে মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। প্রয়োজনীয় সুযোগ ও সুন্দর আয়োজন পেলে তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষও মাঠে ফিরবে।
নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজন করা গেলে একদিকে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন, অন্যদিকে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হবে।




