কলাপাড়ায় বেওয়ারিশ কুকুরের ফ্রি চিকিৎসা
পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক বেওয়ারিশ ও পোষ্য কুকুর-বিড়ালকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার উদ্যোগে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সাত বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান কুকুর-বিড়ালগুলোর চিকিৎসাসেবা দেন। এ সময় রোগাক্রান্ত কুকুর-বিড়ালের জন্য সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও খাবার দেওয়া হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী, সদস্য মাসুদ হাসানসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
সংগঠনটির সদস্যরা জানান, রোগাক্রান্ত কুকুর-বিড়ালকে ফেলে না দিয়ে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে মালিকদের উৎসাহিত করা এবং বেওয়ারিশ প্রাণীদের প্রতি মানুষের সহমর্মিতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।








