ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী সরকারি কলেজে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক অভিযান
সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টি এবং এডিস মশার বিস্তার রোধে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পটুয়াখালী ইউনিট। এরই ধারাবাহিকতায় বুধবার পটুয়াখালী সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক এবং পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়সমূহ তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।
আয়োজকরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যে পটুয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিট।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর সৈয়দ সাদিয়াল ফেরদৌস, কেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন এবং পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি সৈয়দ মুস্তাফিজুর রহমান হীরা।
এ ছাড়াও পটুয়াখালী সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ও স্বেচ্ছাসেবকরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন।
পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা এবং সামাজিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। তাই ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।





