দুমকিতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় দুমকি উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দুমকি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী।
আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব দুমকি সভাপতি মো. জসিম উদ্দিন সুমন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী বলেন, “কন্যা শিশুরা আজ আর পিছিয়ে নেই। উপযুক্ত শিক্ষা, সঠিক পরিবেশ ও দিকনির্দেশনা পেলে তারা সমাজ ও দেশকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে। বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।







